আমন মৌসুমের আগে বেসরকারিভাবে ইউরিয়া আমদানির জন্য আবারো দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)।
প্রথম ধাপের আন্তর্জাতিক দরপত্রটিতে কোনো সরবরাহকারীই সাড়া দেননি। এরপর দ্বিতীয় দফায় আরেকটি দরপত্র আহ্বানের মাধ্যমে দুই লাখ টন ইউরিয়া আমদানির বিজ্ঞপ্তি দেয়া হয়। সেখানে মাত্র দুটি প্রতিষ্ঠান ৫০ হাজার টন সরবরাহের বিষয়ে আগ্রহ দেখায়। নতুন করে গতকাল আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংস্থাটি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ মে দরপত্র আবেদন উন্মুক্ত করা হবে। দুটি চালানের মধ্যে এ সার সরবরাহ করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিসিআইসির ক্রয় বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সেরনিয়াবাত রেজাউল বারী বণিক বার্তাকে বলেন, ‘নতুন করে ৫০ হাজার টন ইউরিয়া আমদানির বিষয়ে পুনঃদরপত্র আহ্বান করা হয়েছে। প্রথম ধাপের দরপত্রে কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। এটিই সেই দরপত্রের রি-টেন্ডার বিজ্ঞপ্তি।’ তিনি আরো বলেন, ‘বেসরকারিভাবে দুই লাখ টন করে চার লাখ টন আমদানির বিষয়ে দুটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। একটির পুনঃদরপত্র বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আরেকটিতে ৫০ হাজার টন সরবরাহের বিষয়ে দরপত্র পাওয়া গেছে। অবশিষ্ট সার আমদানিতে পুনঃদরপত্র বিজ্ঞপ্তি দেয়া হবে কিনা, সেটি এখনো চূড়ান্ত হয়নি।’
জি-টু-জি চুক্তির আওতায়ও ইউরিয়া সার আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিআইসি। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার পাওয়ার বিষয়ে দেশগুলো আশ্বস্ত করলেও হরমুজ প্রণালি ইস্যুতে জাহাজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এতে সার আমদানিও ঝুঁকিতে রয়েছে।
-বণিক বার্তা
































